ডাকসু নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে এর ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃতফসিলের দাবিতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যন্টিন থেকে ছাত্রদল নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ করে। এসময় সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাবি শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী, ছাত্রদলের প্যানেল থেকে ডাকসুতে ভিপি পদে নির্বাচন করা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচন করা আনিছুর রহমান খন্দকার অনিক, এজিএস পদে অংশ নেয়া খোরশেদ আলম সোহেলসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে ‘দে দে আগুন দে, দালাল ভিসির গদিতে’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘আমরা শক্তি আমরা বল, জাতীয়তাবাদী ছাত্রদল’, ‘প্রহসনের নির্বাচন, বাতিল কর করতে হবে’, ‘দিবারাত্রির নির্বাচন, ছাত্রদল মানে না’সহ নেতাকর্মীদের নানান স্লোগান দিতে দেখা যায়।
এসময় ছাত্রদল সভাপতি মোস্তাাফিজুর রহমান বলেন, ১১ মার্চ রাতে নির্বাচন হয়েছে। এই নির্বাচন শিক্ষার্থীরা মানেনা। পুনরায় নিরপেক্ষ কমিটি করে,পুনঃতসিল দিয়ে নির্বাচন দিতে হবে।
