নিউজিল্যান্ডের নাগরিকরা স্বেচ্ছায় অস্ত্র জমা দিচ্ছেন

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১০:২৬ পিএম

ক্রাইস্টচার্চের ঘটনার পর নিউজিল্যান্ডের অনেক নাগরিক স্বেচ্ছায় তাদের কাছে থাকা অস্ত্র জমা দিচ্ছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হেরাল্ড। দেশটির স্থানীয় পুলিশ স্টেশনগুলোতে জমাকৃত অস্ত্রের মধ্যে সেমি অটোমেটিক রাইফেল এবং হ্যান্ডগানের সংখ্যাই বেশি। স্থানীয় অনেক নাগরিক পুলিশের কাছে তাদের লাইসন্স করা অস্ত্র জমা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করছেন। আবার অনেকে নিজে অস্ত্র জমা দেওয়ার পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করছেন তা করার জন্য। এদেরই মধ্যে একজন কৃষক জন হার্ট । তিনি স্থানীয় পুলিশ স্টেশনে তার বৈধ রাইফেলটি জমা দেন। হার্টের মতো আরও অনেকে লাইসেন্স করা আধা-স্বয়ংক্রিয় অস্ত্র স্বেচ্ছায় জমা দিচ্ছেন।

হার্ট সাংবাদিকদের বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নেওয়ার পর পুলিশ স্টেশন থেকে জেনে আসি কীভাবে অস্ত্র জমা দিতে হবে। পরে বন্দুকটি জমা দিই। এই বন্দুকটি নিয়ে উন্মাদনা দেখানোর কোনো ইচ্ছাই আর আমার নেই।’ এদিকে নিউজিল্যান্ডের সরকার দশ দিনের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কারের ঘোষণা দিয়েছে। তবে অনলাইনে অস্ত্র ক্রয়-বিক্রয় সংক্রান্ত কোনো নীতিমালা আসবে কি না তা জানা যায়নি। এর আগে দেশটির সরকার অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করতে চাইলে দেশটির অস্ত্র ব্যবসায়ী ও রাজনৈতিক চাপে করতে পারেনি। কিন্তু ক্রাইস্টচার্চের ঘটনার পর দেশটির বাস্তবতা পাল্টে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত