নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনায় বাংলাদেশের গির্জাগুলোতে বাড়তি নিরাপত্তার নির্দেশ দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদর দপ্তর। গত শুক্রবার নিউজিল্যান্ডে ওই হামলায় ৫ বাংলাদেশি নিহত হন। হামলার পর থেকেই বাংলাদেশের গির্জাগুলোর নিরাপত্তা নিশ্চিতে র্যাবের সব ব্যাটালিয়নকে নির্দেশ দেওয়া হয়েছে।
সীমান্তবর্তী এলাকার গির্জাগুলোতে নিরাপত্তার বিষয়ে বেশি সতর্ক রয়েছে র্যাব। বিশেষ করে নেত্রকোনার সীমান্তবর্তী গারো নৃগোষ্ঠী অধ্যুষিত উপজেলা দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলার বিভিন্ন গির্জায় র্যাবের প্রতিটি টহল দলে ২০ জন করে সদস্য রয়েছে। দুটি টহল দল নিরাপত্তায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। এর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান দেশ রূপান্তরকে বলেন, ‘নিউজিল্যান্ডে হামলার পর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে র্যাব। দেশের যে সকল স্থানে র্যাবের ব্যাটালিয়ন রয়েছে, তার অওতাধীন গির্জারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সদর দপ্তর থেকেও নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে গির্জায় হামলা হওয়ার মতো অবস্থা নেই। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’ গত শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নৃশংস হামলা হয়। এতে ৫০ জন নিহত ও ৪৮ জন আহত হন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড়।
