উত্তরায় এসি বিস্ফোরণ স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার স্ত্রী দগ্ধ

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১১:৫৪ পিএম

রাজধানীর উত্তরায় এসি বিস্ফোরণে বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর ভুঁইয়া (৬২) ও তার স্ত্রী উত্তরা পশ্চিম থানার মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক বিলকিস ফারজানা (৪৮) দগ্ধ হয়েছেন। গত সোমবার রাত ২টার দিকে ১৮ নম্বর রোডের ৪১ নম্বর বাসার পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের বাড়ি নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার ছোট ফাউসা গ্রামে।

আলমগীরের ছোট ভাই তানজিল শাহরিয়ার জানান, রাতে বাসায় ঘুমিয়ে ছিলেন ভাই আলমগীর ও ভাবি বিলকিস। তখন তাদের রুমের এসির কম্প্রেশার মেশিন বিস্ফোরিত হয়। জানালার গ্লাস ভেঙে রুমে আগুন ঢোকে। তাৎক্ষণিক তা ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় তারা দগ্ধ হন। কিছুক্ষণের মধ্যে আগুন নিভে গেলে তারা নিজেরাই বাথরুমে গিয়ে শরীরে পানি ঢালেন। এরপর লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ভোর ৪টার দিকে ঢামেকে নিয়ে আসা হয়।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, তাদের দুজনের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। বিলকিসকে আইসিইউ ও আলমগীরকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি রাখা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত