চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পুর্বজগত গ্রামের শামসুদ্দিন টগর (৪৮) হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তিনজনের দুই বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এই দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে রবিউল ওরফে রবু (২৫)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- নওগাঁর নেয়ামতপুর উপজেলার মঙ্গলতারা গ্রামের কাদের (২৭), শামসুল (৩০), শাম মোহাম্মদ (৫৭) ও আপেল (২০)।
দুই বছরের দণ্ডপ্রাপ্তরা হলেন- মঙ্গলতারা গ্রামের এনামুল হক (৪৬) ও শরিফ (২৫), পুর্বজগত গ্রামের আইনাল হক (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা বেগম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৩ সালের ২২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এনায়েতপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পুর্বজগত গ্রামে শামসুদ্দিন টগরকে দণ্ডপ্রাপ্তরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করেন।
পরের দিন ভোর ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই দিনই নিহতের ভাই জমশেদ আলী বাদী হয়ে গোমস্তাপুর থানায় ২১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নুর মোহাম্মদ সরকার ওই বছরের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন এবং ১২ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করেন।
