এবার সেমিতেই শেষ সাবিনা-কৃষ্ণাদের সাফ যাত্রা

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০৫:১৭ পিএম

ফাইনালে উঠতে হলে ইতিহাস গড়তে হতো বাংলাদেশকে। যে ভারতকে আগে কখনো সিনিয়র পর্যায়ে হারানো যায়নি, সেই দলটির বিপক্ষেই পেতে হতো জয়। ফুটবলে সবই সম্ভব- এই মন্ত্র থেকে প্রেরণা নিয়ে অসাধ্য সাধনের আশায় ছিল বাংলাদেশ। কিন্তু মাঠের লড়াইয়ে তা হয়নি। ভারতীয় মেয়েদের গতির কাছে হেরে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।

বুধবার নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গশালায় ভারতের বিপক্ষে ০-৪ গোলে হেরে সেমিতেই থেমেছে বাংলাদেশের স্বপ্ন যাত্রা। আগের আসরে প্রথমবার ফাইনালে ওঠে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশের মেয়েরা।

ভারতের বিপক্ষে আক্রমণ ছক কষেই মাঠে নেমেছিল বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন, সিরাজ জাহান স্বপ্না, সানজিদা আক্তার ও কৃষ্ণা রানী সরকার এই চার ফরোয়ার্ডকে আক্রমণ ভাগে রেখে নিজের পরিকল্পনা সাজান কোচ গোলাম রব্বানী ছোটন।

তবে বাংলাদেশ আক্রমণ তৈরি করতে পেরেছে কমই। কয়েকটি ভালো সুযোগ তৈরি করতে পারলেও গোল আদায় করতে পারেনি। উল্টো পাল্টা আক্রমণ থেকে হজম করেছে গোল।

খেলার প্রথমার্ধেই ৩ গোল আদায় করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় ভারত। শেষ মুহূর্তে যোগ করা সময়ে আদায় করে আরো একটি গোল। সাফের ইতিহাসে আগের চার বারের চ্যাম্পিয়ন ভারত এখনো টুর্নামেন্টে কোনো ম্যাচ হারেনি। একটি মাত্র ড্র তাদের বাংলাদেশের বিপক্ষে ২০১৬ শিলিগুড়ি সাফের গ্রুপ পর্বে। এদিন নিজেদের অপরাজেয় থাকার রেকর্ড ধরে রেখে পঞ্চম শিরোপার ধরে পা বাড়াল দলটি।

ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল আদায় করে নেয় ভারত। কর্নার কিক থেকে উড়ে আসা বল বাংলাদেশের রক্ষণকে ফাঁকি দিয়ে জটলা থেকে জালে জড়িয়ে দেন ডালিমা। এর ৫ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে বর্তমান চ্যাম্পিয়নরা। পাল্টা আক্রমণ থেকে গোল আদায় করে নেন ইন্দ্রুমতি।

২৭ মিনিটে ডিফেন্ডার মাসুরা পারভীনের ভুলের সুযোগ নিয়ে দারুণ এক আক্রমণ তৈরি করে ভারত। তবে গোলরক্ষক রুপনা চাকমা সেটি প্রতিহত করেন দারুণ দক্ষতায়। পুরো ম্যাচজুড়েই রুপনাকে ব্যস্ত সময় কাটাতে হয়েছে। তার দারুণ কিছু সেভের কারণেই হারের ব্যবধানটা এর চেয়ে বড় হয়নি।

৩১ মিনিটে সুযোগ তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। সাবিনার নেওয়া শট ভারত গোলরক্ষকের নিয়ন্ত্রণে নিতে অসুবিধা হয়নি। ৩৭ মিনিটে প্রতি আক্রমণ থেকে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। এবারও গোলদাতা ইন্দ্রমতি।

বিরতি থেকে ফিরেও আধিপত্য ধরে রেখে খেলতে থাকে ভারত। ৫৮ মিনিটে পাল্টা আক্রমণ থেকে প্রায় গোল আদায় করে নিচ্ছিল দলটি। বাংলাদেশ কোচ এরপর তিনটি পরিবর্তন আনলেন। কৃষ্ণার জায়গায় মিসরাত জাহান মৌসুমী, সানজিদার জায়গায় মার্জিয়া আক্তার ও ডিফেন্ডার শিউলি আযমীর জায়গায় মাঠে নামালেন নিলুফা ইয়াসমীন নীলাকে। কিন্তু তাতেও ভারতের খেলার ধারায় ছেদ ফেলা যায়নি। বরং যোগ করা সময়ে মনীষা গোল করে ভারতের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত