ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে অনশনকারী অন্ধ রবিউলকে পেটাল কে?

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০৮:৩২ পিএম

রবিউল ইসলাম চোখে দেখতে পান না। তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে তিনি অংশ নেন। তিনি ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বী করছিলেন।

১১ মার্চের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ১৪ মার্চ রাজু ভাস্কর্যের অনশন কর্মসূচিতে যোগ দেন। এর জের ধরে মাস্টার দা সূর্যসেন হলে তাকে কে বা কারা পিটিয়ে ফেলে রাখে।   

রবিউল ইসলাম জানান, মঙ্গলবার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাওয়ার পথে তিনতলার করিডরে তাকে এক ছাত্র পথ আটকে রাখে। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুনর্নির্বাচনের দাবিতে অনশন করেছিল কি না জানতে চাওয়া হয়। রবিউল ‘হ্যাঁ’ বলতেই তাকে মারধর এবং গালিগালাজ করা হয়। রবিউল অন্ধ হওয়ায় হামলাকারীকে চিনতে পারেনি। আহত অবস্থায় রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে হলে নিয়ে আসা হয়।

বুধবার রবিউলের ওপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন আরেক দৃষ্টিপ্রতিবন্ধী আমজাদ হোসেন। দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করেন তিনি।

ডাকসুর ভিপি এবং জিএস, বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের শনাক্ত করার আশ্বাস দিলে তিনি অবস্থান কর্মসূচি স্থগিত করেন।

মারধরের প্রতিবাদে কর্মসূচি পালনকারী বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমজাদ বলেন, এই সময়ে একজন প্রতিবন্ধী শিক্ষার্থীও নিরাপদ নয়। আমি এর বিচার চাই।

বুধবার বিকেলে ডাকসুর ভিপি নুরুল হক নুর এবং জিএস গোলাম রাব্বানী প্রতিবাদকারী আমজাদের সঙ্গে দেখা করে বিচারের ব্যাপারে আশ্বাস দেন।

হামলার বিষয়ে সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ভুক্তভোগী দরখাস্ত দিয়েছে। আমরা দোষীকে শনাক্ত করে ব্যবস্থা নেব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, আমরা বিষয়টি শুনেছি। যেহুতু মারধরকারীকে চিনতে পারিনি। তাই তাকে খোঁজা হচ্ছে। হল প্রশাসনকে বলা হয়েছে।    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত