চুয়াডাঙ্গায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০৮:৩৪ এএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জাহানারা খাতুন (৫৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বুধবার মধ্যরাতে ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে বুধবার রাত ১০টার দিকে ইবাদত আলী তার স্ত্রী জাহানারা খাতুনকে নিজের শোবার ঘরে কুপিয়ে হত্যা করেন। এরপর তিনি ঘরের আড়াই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত ১টার দিকে ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান জানান, ইবাদত হোসেন ও জাহানারা দম্পতি ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। পারিবারিক কলহের কারণে ওই দম্পতি মাঝে মধ্যেই বিরোধে জড়াতেন। কিন্তু সেই বিরোধ সে হত্যায় রূপ নেবে এটা তারা ভাবতেও পারেনি।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, স্থানীয়দের বর্ণনা মতে পারিবারিক বিরোধের কারণেই ইবাদত হোসেন তার স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তারপরও বিষয়টি নিয়ে আমরা অনুসন্ধান করবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত