যুক্তরাজ্যে এক রাতে ৫ মসজিদে হাতুড়ি দিয়ে হামলা

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০৬:১১ পিএম

যুক্তরাজ্যের বার্মিংহামে এক রাতে পাঁচ মসজিদে হাতুড়ি দিয়ে হামলা চালানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বার্মিংহামের মসজিদে হাতুড়ি নিয়ে দুর্বৃত্তদের হামলায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ওই হামলায় মসজিদগুলোর জানালা, দরজা ভেঙে গেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে উদ্বেগজনক বলে অভিহিত করেছে। সিসিটিভি ফুটেজে রাত ১টার দিকে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে একটি মসজিদে হামলা চালাতে দেখা গেছে।

হামলার ঘটনা ঘটেছে বুধবার গভীর রাতে। ওই হামলার পর থেকে বার্মিংহামে আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার জুমার নামাজের সময় নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম ইউনিট বলছে, বুধবার রাতে মসজিদগুলোতে হাতুড়ি নিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

বার্মিংহাম ছাড়াও এরডিংটন, অ্যাস্টন, পেরি বার ও অ্যালবার্ট রোডের মসজিদ হামলার শিকার হয়। ওয়েস্ট মিডল্যান্ডের পুলিশ বলেছে, এর কারণ অনুসন্ধান চলছে।

অ্যাস্টনের উইলটন ইসলামিক স্টোরের এক মুখপাত্র বলেন রাত দেড়টার দিকে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে মসজিদের জানলায় আঘাত করতে দেখা গেছে সিসটিভি ফুটেজে।

‘সামনের দিকের ছয়টি জানালা ভেঙে ফেলা হয়েছে'।

কাউন্সিলর মজিদ মাহমুদ মসজিদের জানলার ভাঙা কাচের একটি ভিডিও টুইটারে দিয়েছেন। আরেক কাউন্সিলর জন কটন টুইটারে বলেছেন, এসব দুর্বৃত্ত আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় এক মসজিদের সাতটি জানালা ও দু'টি দরজা ভেঙে গেছে।

এর আগে শুক্রবার নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে গুলি করে ৪৯ জনকে হত্যার দিনই যুক্তরাজ্যের লন্ডনে মসজিদের সামনে এক মুসল্লিকে হাতুড়িপেটা করা হয়।

তিন ব্যক্তি ওই মুসল্লিকে মারধর করে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। এসময় তারা ইসলাম-বিদ্বেষী স্লোগান দেয়। যারা জুমার নামাজ পড়ে, তারা ‘সন্ত্রাসী’ বলেও মন্তব্য করে হামলাকারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত