শর্তসাপেক্ষে আইপিএল খেলতে পারবেন সাকিব

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০৬:৫৬ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলতে অনাপত্তিপত্র পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শর্তসাপেক্ষে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার তাকে অনাপত্তিপত্র দেয়।

শর্তগুলো হলো- আইপিএলের দ্বাদশ আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সময় তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ও ফিজিও থেরাপি টিমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে এবং তার ফিটনেসের অবস্থা তাদের অবহিত করতে হবে।

বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে এ তথ্য দেন সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সুজন জানালেন, ‘আমরা চিকিৎসকের যে মতামত পেয়েছি তার ওপর ভিত্তি করে তার এনওসি ইস্যু করে দিয়েছি। এনওসিতে উল্লেখ করে দেওয়া আছে, যেন টাইম টু টাইম আমোদের মেডিকেল টিম ও ফিজিও থেরাপিস্টের সঙ্গে ওনার যোগাযোগ থাকে এবং ফিটনেস সম্পর্কে জানানো হয়।’

২৩ মার্চ শুরু হয়ে আইপিএল চলবে ১২ মে পর্যন্ত। ২০ এপ্রিল মিরপুরে শুরু হবে বাংলাদেশের আয়ারল্যান্ড সফরের প্রস্তুতি ক্যাম্প। সে ক্ষেত্রে সাকিবকে মাঝপথে ফিরিয়ে আনা হবে কি না জানতে চাইলে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘সাকিব কবে দলের (বাংলাদেশ) সঙ্গে যোগ দেবেন বা কোন সময়ে যোগ দেবেন সেটি টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে এবং ক্রিকেট পরিচালনা বিভাগ এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে।’

২৩ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে আইপিএল ষষ্ঠ আসরের। ২৪ মার্চ নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইটরাইডার্সের মুখোমুখি হবে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত