৩ দিন আটকে রেখে নারীকে দলবদ্ধ ধর্ষণ: স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০৭:২০ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় বাস কাউন্টারে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুড়িমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ।

আটক রেজাউল বুড়িমারী এলাকার। বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার ছড়াকান্দা গ্রামে বলে জানা গেছে।

পুলিশ জানায়, তিন দিন আগে ভারত যাওয়ার উদ্দেশে শেরপুর থেকে পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে আসেন ওই নারী। এরপর তাকে কাগজপত্র তৈরি করে দেওয়ার নাম করে সেখানকার একটি বাস কাউন্টারে নিয়ে গিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। এরপর রাত নামতেই সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করে  বুড়িমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ আরো দুজন।

পুলিশ জানায়, এভাবে টানা দুদিন দলবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই নারী। এই অবস্থায় বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে নারীকে উদ্ধার করে। ধর্ষণের অভিযোগে বুড়িমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামকে আটক করে থানা নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি মো. মনছুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, মামলা হয়েছে এবং ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল হুদা রাসেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রেজাউলকে আটকের বিষয়টি আমি শুনেছি।যদি সে দোষী হয় তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত