রাজধানীর গুলশানের হলি আর্টিসান হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাক্ষ্য দিয়েছেন ঘটনার সময় নিহত বনানী থানার ওসি সালাউদ্দিনের স্ত্রী রেনকিমসহ পাঁচজন।
বৃহস্পতিবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে তারা সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা।
পরে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৭ মার্চ দিন ধার্য করেন আদালত। অপর সাক্ষীরা হলেন- নূর জাহান ইসলাম, কেয়ারটেকার দাউদ, হাবিব, নিহত বিদেশিদের গাড়িচালক শরীফুল ইসলাম।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসানে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তখন তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হন। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ।
২০১৮ সালের ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মামলার আসামিরা হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।
