রাজধানীর কল্যাণপুরে রাস্তা পারাপারের সময় তেলের লরিতে চাপা পড়ে আবদুর রাজ্জাক নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক মেহেরপুর সদর এলাকার বাসিন্দা। তিনি পেশায় মাদ্রাসাশিক্ষক ছিলেন।
মিরপুর থানার এসআই মঞ্জুরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, মাদ্রাসার কাজে ঢাকায় আসেন আব্দুর রাজ্জাক। তিনি কোথায় যাওয়ার কথা ছিলো সেটা জানা যায়নি। ভোররাতে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী তেলর ট্যাংক আব্দুর রাজ্জাককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়। সেখানে ময়নাতদন্ত শেষে তার চাচাতো ভাই ও ভাতিজা লাশ গ্রহণ করে গ্রামের বাড়িতে নিয়ে যান।
আব্দুর রাজ্জাক কি কাজে কোথায় যাচ্ছিলেন সেটা বিস্তারিত জানা যায়নি। তার ভাতিজা জানিয়েছেন মাদ্রাসার জরুরি কাজে তার চাচা ঢাকায় এসেছিলেন।
