জমি নিয়ে বিরোধের জেরে সিলেট নগরীর দর্জিপাড়ায় এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে হামলাকারীরা জয়বাংলা স্লোগান দিয়ে তার বাড়িতে ঢুকে লুটপাট চালায় বলে দাবি করেছেন প্রবাসী শাহ আবদুল মোতালিব কোরেশি।
প্রতিবেশী এনাম নামে এক ব্যক্তির সঙ্গে জমি নিয়ে বিরোধ আছে জানিয়ে মোতালিব কোরেশি দেশ রূপান্তরকে বলেন, ‘গত ১৪ মার্চ মেয়েকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসি আমি। বৃহস্পতিবার এনামের নেতৃত্বে ১৫-২০ জন অস্ত্রধারী লোক জয়বাংলা স্লোগান দিয়ে আমার বাসায় ঢুকে হামলা চালায়। তারা কয়েক রাউন্ড গুলি ছোড়ে ও ককটেল ফাটিয়ে বাসার বিভিন্ন মালামাল লুট করে। এর মধ্যে রয়েছে ১৫ ভরি স্বর্ণালংকার, ১০টি মোবাইল ফোন সেট, ২টি ল্যাপটপ ও নগদ ১৫ লাখ টাকা। হামলাকারীদের বাধা দিতে গিয়ে আমার ভাগনে সাদউদ্দিন গুরুতর আহত হয়।’
হামলায় নেতৃত্ব দেওয়া এনামকে ধরে পুলিশে দেওয়া হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মোতালিব কোরেশি।
জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং সিকন্দর নামে একজনকে আটক করেছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
