শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক, জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টার মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেছার আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী ও শাবি রেজিস্ট্রার ইশফাকুল হোসেন। আদালতের এপিপি মাসুক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছর ৩ মার্চ শাবির মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে মাদ্রাসাছাত্র ফয়জুল হাসান জাফর ইকবালের ওপর হামলা চালায়। ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা হয়।
এপিপি মাসুক আহমদ জানান, আলোচিত এ মামলায় ৫৬ জনের সাক্ষ্য নেওয়া হবে। সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ২৫ এপ্রিল। তিনি জানান, সাক্ষ্যগ্রহণের সময় মামলার ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন ফয়জুল হাসান, তার বাবা আতিকুর রহমান, মা মিনারা বেগম, ভাই এনামুল হাসান, মামা ফজলুল হক ও বন্ধু সোহাগ মিয়া। আসামি ফয়জুল ১৬৪ ধারার জবানবন্দিতে জানিয়েছিল, জসিমউদ্দিন রহমানীর লেখা বই পড়ে ও তিতুমীর মিডিয়ার ভিডিও দেখে ফয়জুলের ধারণা হয় জাফর ইকবাল একজন ‘নাস্তিক’। এরপর সে তাকে হত্যার পরিকল্পনা করে এবং হামলা চালায়।
