আফগানিস্তানে অভিযান চালাতে গিয়ে দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। দেশটিতে ন্যাটোর রেজোলুট মিশন এক বিবৃতিতে একথা জানিয়েছে।
শুক্রবার অভিযান চালাতে গিয়ে তারা নিহত হন বলে জানানো হয়। তবে কোথায় তারা নিহত হয়েছেন সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।
ডেইলি সাবাহ জানায়, ন্যাটো মিশনের পক্ষ থেকে তেমন বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। সাধারণত আত্মীয়দের জানানোর আগে নিহতদের পরিচয় প্রকাশ করে না তারা।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ‘আন্তর্জাতিক বাহিনীর’ অভিযানে ২০০১ সালে ক্ষমতাচ্যুত হয় তালেবান শাসক গোষ্ঠী। এরপর থেকে তাদের বিরুদ্ধে লড়াইয়ে আফগান বাহিনীকে সহযোগিতা ও প্রশিক্ষণ দিয়ে আসছে রেজোলুট মিশন।
আফগান যুদ্ধের ইতি টানতে সম্প্রতি তালেবানের সঙ্গে সংলাপে বসে যুক্তরাষ্ট্র। তবে ১৭ বছরের এই যুদ্ধ অবসানে অগ্রগতির কথা জানালেও কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি দুপক্ষ।
দুপক্ষের মধ্যে সংলাপ চললেও সহিংসতা অব্যাহত রয়েছে। দেশটিতে রেজোলুট মিশনের প্রায় ১৭ হাজার সেনা রয়েছে যাদের অধিকাংশই মার্কিন সেনা। আফগানিস্তান থেকে এসব সেনা প্রত্যাহার তালেবানের অন্যতম দাবি।
