সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দমদমা এলাকায় গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। তার নাম বাবুল মিয়া (২০)। ভারতীয় খাসিয়াদের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া উপজেলার তুরুং গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সকালে বাবুল মিয়া দমদমা সীমান্তের ১২৬০ নম্বর মেইন পিলারের দুই নম্বর সাব-পিলার এলাকায় গেলে ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দমদমা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা বাবুল মিয়ার লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, বাবুল মিয়া সীমান্ত এলাকায় গেলে ভারতীয় সুপারি বাগানে কর্মরত খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ময়নাতদন্তের জন্য বাবুল মিয়ার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত বছরের ১২ নভেম্বর কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে সাদ্দাম হোসেন নামে আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছিল।
