ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জে এম রশীদুল আলম। গতকাল শুক্রবার সকালে শহরের শেখ রাসেল চত্বরে তার নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচার শুরুর পর থেকেই তার প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ আচরণবিধি ভঙ্গ করে চলেছেন। তার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করাসহ প্রচারে বাধার সৃষ্টি ও মাইক বন্ধ করা হচ্ছে। বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী পোস্টারও ছিঁড়ে ফেলা হচ্ছে।
তিনি লিখিত বক্তব্যে বেশ কটি ইউনিয়নের চেয়ারম্যানের নামোল্লেখ করে আরও অভিযোগ করে বলেন, তারা নৌকা প্রতীকের পক্ষে বিভিন্ন ইউনিয়নে গিয়ে আচরণবিধি ভঙ্গ করছে। তারা ভোটারদের ভয়ভীতি, হুমকি, গালিগালাজ করছে। তারা ভোটকেন্দ্র দখল করে ভোট কেটে নেওয়ার কথা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে। তিনি ২৪ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি।
এ অভিযোগের ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রশিদ বলেন, তার ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
