যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, এটা সম্ভব যে, ইরানের হাত থেকে ইহুদীদের রক্ষায় ঈশ্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুনিয়াতে পাঠিয়েছেন।
ইসরায়েল সফরের সময় খ্রিস্টান ব্রডকাস্টিং নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার বিশ্বাসই তাকে এমন মনে করিয়ে দিচ্ছে।
একই সঙ্গে মধ্যপ্রাচ্যে গণতন্ত্র নিশ্চিত করা, সেটা হলো ইহুদি রাষ্ট্র (ইসরায়েল) এবং এটা টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি।
গণহত্যা থেকে মুক্তি উপলক্ষে ইহুদি ছুটির দিন ‘পুরিম’ উদযাপনের সময় এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বাইবেলের বর্ণনা অনুযায়ী, পারসিয়ান গণহত্যা থেকে ইহুদিদের রক্ষা করেন রানি এসথের।

বিবিসি জানায়, পম্পেওকে প্রশ্ন করা হয়েছিল- রানি এসথের মতো ট্রাম্পও কি বর্তমানে ইরানের হুমকি থেকে ইহুদীদের রক্ষায় এমন সময়ে দায়িত্বে আসীন হয়েছেন?
কানসাসের সাবেক সিনেটর ও সাবেক সিআইএ ডিরেক্টর জবাবে বলেন, “একজন খ্রিস্টান হিসেবে আমি অবশ্যই বিশ্বাস করি, এমনটা সম্ভব।”
তিনি বলেন, “আমি নিশ্চিত যে, ঈশ্বরই এখানে ভূমিকা রাখছেন।”
ট্রাম্পকে নিয়ে কেবল পম্পেও এই প্রথম এমন ঐশ্বরিক কথাবার্তা বলেননি। এর আগে জানুয়ারিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স একটি ধর্মীয় টেলিভিশন চ্যানেলকে বলেছেন, “ঈশ্বরই চেয়েছেন ট্রাম্প যেন প্রেসিডেন্ট নির্বাচিত হন।”
দাপ্তরিক বিষয় নিয়ে কথা বলার সময় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং সাবেক অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসও খ্রিস্টান ধর্ম অথবা বাইবেল থেকে উদ্ধৃতি ব্যবহার করে থাকেন।
গত ১০০ বছরের মধ্যে এই প্রথম ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভা বাইবেল স্টাডি গ্রুপের কোনো সদস্যকে পেয়েছে, আর তিনি হলেন মাইক পম্পেও।
