রাজধানীর গুলিস্তানে ছিনতাইকারীর গুলিতে দুজন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর পৌনে ১টার দিকে গুলিস্তান পার্কের পূর্ব পাশের হানিফ ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সুজাউদ্দিন তালুকদার (৪০) ও জাহিদুল ইসলাম সোহাগ (৪০)।
আহত সুজাউদ্দিন নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর নির্বাহী কর্মকর্তা। তার বাসা মিরপুর ১ নম্বর সেকশনের আহমেদ নগর ১২৮/ডি। গ্রামের বাড়ি মাদারীপুর কালকিনি উপজেলার পশ্চিম খানদুলি গ্রামে।
আহত অপরজন সোহাগ পেশায় ট্রাক চালক। ফরিদপুর বোয়ালমারী উপজেলার ধুলপুকুরিয়া গ্রামের গফফার শেখের ছেলে তিনি।
আহত সুজাউদ্দিন জানান, কোম্পানির একটি কাজে মতিঝিল থেকে পায়ে হেঁটে নবাবপুর যাচ্ছিলেন তিনি। গুলিস্তান পার্কের পূর্ব পাশের হানিফ ফ্লাইওভারের ঢালে পৌঁছালে মোটরসাইকেল যোগে ৪-৫ জন ছিনতাইকারী এসে তার হাতে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
বাধা দিলে ছিনতাইকারীরা তাকে মারধর করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তারা সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। ব্যাগে ব্যাংকের চেক বই ও অফিসের কিছু কাগজপত্র ছিল।
আহত সোহাগ জানান, ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য তিনি গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন। গুলিস্তানে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে মতিঝিল তার চাচাতো ভাই মাসুদের কাছে যাচ্ছিলেন।
তিনি বলেন, “পার্কের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, তখন দেখি কয়েকজন লোক মোটরসাইকেল নিয়ে এসে এক লোকের সঙ্গে ধস্তাধস্তি করছে। এরপরই তারা গুলি ছোড়ে। তখনই আমার পায়ে এসে একটি গুলি লাগে।”
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, দুজনেরই বাম পায়ের হাঁটুতে গুলি লেগেছে। জরুরি বিভাগে তারা চিকিৎসাধীন রয়েছে।
