বেন অ্যাফ্লেকের পরের সিনেমার মুক্তির দিনক্ষণ জানালো প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস। মাদকাসক্ত ব্যক্তির জীবন নিয়ে নির্মিত নাম ঠিক না হওয়া সিনেমাটি মুক্তি পাবে ১৮ অক্টোবর। সাধারণত এ সময়টাতে পুরস্কারের আসরগুলোতে ঝড় তোলা সিনেমা মুক্তি পায়।
ভ্যারাইটি ডটকম জানায়, প্রথমদিকে সিনেমাটি ‘দ্য হ্যাজ-বিন’ ও ‘টোরেন্স’ নামে পরিচিতি ছিল। গাভিন ও’কনরের পরিচালনায় বেনকে দেখা যাবে নেশাসক্তির বিরুদ্ধে লড়ে চলা সাবেক বাস্কেটবল খেলোয়াড়ের চরিত্রে। আসক্তির কারণে স্ত্রী তাকে ছেড়ে যায়। এক সময় নিজের হাই স্কুলের বাস্কেটবল টিমের দায়িত্ব পায় সে।
অন্যদের সঙ্গে সিনেমাটি প্রযোজনাও করেছেন বেন অ্যাফ্লেক। আরও অভিনয় করেছেন আল মাদ্রিগাল, জেনিনা গাভাঙ্কার, হায়েস ম্যাকআর্থার, ব্রানডন উইলসন ও র্যাচেল কারপানি।
বেন ও গাভিনের আগের সিনেমা ‘দ্য অ্যাকাউন্ট্যান্ট’ মুক্তি পায় ২০১৬ সালে। ছবিটি বিশ্বব্যাপী আয় করে সাড়ে ১৫ কোটি ডলারের বেশি।
এদিকে ওয়ার্নার ব্রস শুক্রবার জানায়, ১১ অক্টোবর মুক্তি পাওয়ার কথা থাকলে ‘দ্য গোল্ডফিঞ্চ’ সিনেমাটি এগিয়ে আনা হয়েছে ১৩ সেপ্টেম্বর। ডোনা টার্টের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন নিকোল কিডম্যান, সারাহ পলসন ও আনসেল এলগর্ট। মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে বোমা বিস্ফোরণে নিহত এক নারীর ছেলে আশ্রয় পায় এক ধনী পরিবারে- এমনই গল্প দেখা যাবে ‘দ্য গোল্ডফিঞ্চ’-এ।
এছাড়া মেলিসা ম্যাককার্থির কমেডি ‘সুপার ইন্টেলিজেন্স’ বড়দিনের বদলে মুক্তি পাবে ২০ ডিসেম্বর।
