সড়কে শৃঙ্খলা ফেরাতে দুইমাসব্যাপী পুলিশের বিশেষ কর্মসূচী

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০৮:৪৪ পিএম

সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা শহরের প্রতিটি ইন্টারসেকশন রুটে পুলিশের বিশেষ টিম নামানো হবে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার দুপুরে রাজধানীর ডেমরার মাতুয়াইল এলাকায় শামছুল হক স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, “আগামীকাল রোববার থেকে এক সপ্তাহ ঢাকা শহরে যতগুলো ইন্টারেকশন আছে, সবগুলোতে স্পেশাল পুলিশ দাঁড় করিয়ে দেয়া হবে”।

আছাদুজ্জামান মিয়া আরও বলেন, “আমরা শুধু আইন প্রয়োগ করি। কিন্তু রাস্তা তৈরি করে সিটি করপোরেশন, গাড়ির ফিটনেস ও রেজিস্ট্রেশন দেয় বিআরটিএ। তাই তাদের সঙ্গে সমন্বয় করেই আমাদের কাজগুলো করতে হবে। এক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য”।

কমিশনার বলেন, “যদি কোনো পরিবহন কোম্পানির গাড়ি প্রতিযোগিতা করে, রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করে, কৃত্রিম যানজট তৈরি করে, স্টপ লাইন বরাবর গাড়ি দাঁড় করায়, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন গাড়ি চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশের এই বিশেষ টিম। সিটি করপোরেশন, বিআরটিএ, ডিটিসিএ’র সঙ্গে সমন্বয় করে আমরা কাজগুলো করব”।

আগামী দুয়েক মাসের মধ্যে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রত্যয় জানিয়ে এ কাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কমিশনার বলেন, “মাদক ব্যবসায়ীরা দেশ, জাতি ও সমাজের শত্রু। এদেরকে সামাজিকভাবে বয়কট করুন। ঢাকা শহরে কোনো মাদক ব্যবসায়ীর স্থান হবে না”।

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্য করে কমিশনার বলেন, “আপনার সন্তান কি করে, কার সাথে মেলামেশা করে, ঘরে ইন্টারনেটে কোনো সাইটগুলো ব্রাউজ করছে তা নজরে রাখুন । শিক্ষকরা স্কুলে শিক্ষার্থীরা টিফিন পিরিয়ডে ও অন্যান্য সময় কি করছে তা নজরে রাখুন”।

সমাবেশে সামছুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মাহফুজুর রহমান মোল্লা ও প্রিন্সিপ্যাল ড. মাহবুবুর রহমান মোল্লা, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণ পদ রায়সহ স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত