সদর উপজেলার ফতুল্লায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রামরবাগ শাহী মসজিদ এলাকায় এ সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবলীগের মোস্তফা গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার গিয়াসউদ্দিন গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত শুক্রবার মাদকবিরোধী অভিযানের মিছিল চলাকালে মোস্তফা গ্রুপের এক সদস্যকে পিটিয়ে গুরুতর জখম করে গিয়াসের লোকজন। পরে মোস্তফা গ্রুপের সদস্যরা লাঠিসোঁটা, রড, রামদা ও ধারালো অস্ত্রশস্ত্রসহ গিয়াসের লোকজনদের ওপর হামলা চালায়। এতে নারীসহ ১৫ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল ও দুজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের শহরের খানপুর ৩০০ শয্যার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষ লিখিত অভিযোগ করেছে।
