অনুপ্রবেশকারী ৮ ভারতীয় যুবক-যুবতীকে বিএসএফের কাছে হস্তান্তর

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০৯:২৭ পিএম

রামগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৮ ভারতীয় যুবক-যুবতীকে আটক করার দুই দিন পর ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

শনিবার দুপুরে রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

পতাকা বৈঠকে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৩ বিজিবির রামগড় বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. জয়েন উদ্দীন এবং বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কাঠালছড়ির এমএল ইন্সপেক্টর রনওয়া।

হস্তান্তরকারীরা হল বায়খোড়া থানার উত্তর ইছাছড়া গ্রামের কেওঘ্য মগের ছেলে রাহুল মগ (২৭), কমগপাড়া গ্রামের সুধা মগের মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী মণি মগ(১৭), মোংলা মগের মেয়ে ১০ শ্রেণির ছাত্রী সামাপ্রু মগ (১৯), আকিয়া মগ পাড়ার উমাচাই মগের মেয়ে ১০ শ্রেণির ছাত্রী অথৈ মগ (১৯), তার বোন ৯ম শ্রেণির ছাত্রী উচাং মগ (১৮), অংচাপ্রু মগের মেয়ে ১০ম শ্রেণির ছাত্রী কণিকা মগ (১৮), নিতচাপ্রু মগের মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী আখ্যয় মগ (১৮), রেধা মগের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী চিংভাই মগ (১৮)।  তারা সবাই ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানা গেছে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার গুইমারা চাইন্দা মুনি বৌদ্ধ মেলা দেখতে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি তাদের রামগড় এলাকা থেকে আটক করে। আটকের পর বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে গত ২১ মার্চ বিকেল ৪ টায় বৈঠকে বিজিবি বিএসএফের কাছে হস্তান্তর করতে চাইলে বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানালে গত দুই দিন আটককৃতদের রামগড় বালিকা বিদ্যালয়ের বিজিবি হেফাজতে রাখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত