সুবর্ণচরে দল বেঁধে ধর্ষণ: মূল হোতা রুহুল আমিনের জামিন বাতিল

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০৯:৪৯ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের ঘটনার ইন্ধনদাতা সাবেক ইউপি মেম্বার রুহুল আমিনের জামিন বাতিল করে ওই আদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট।

তথ্য গোপন করে এবং রাষ্ট্রপক্ষকে বিভ্রান্ত করে ওই আসামির জামিন করিয়ে নেওয়ার অভিযোগ ওঠার পর শনিবার ছুটির দিনে সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিরা খাস কামরায় বসে তাদের এ আদেশ প্রত্যাহারের (রিকল) সিদ্ধান্ত নেন। পাশাপাশি সোমবার এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় এ সময় উপস্থিত থাকলেও আসামিপক্ষের আইনজীবী আশেক-ই-রসুল অনুপস্থিত ছিলেন। এর আগে গত ১৮ মার্চ সোমবার বিচারপতি মো. মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুহুল আমিনকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অভিযোগ ছিল, শুনানির আগে আসামিপক্ষ যে নথি তাদের সরবরাহ করে তাতে ১৭ নম্বর আদালতের কথা উল্লেখ থাকলেও তাদেরকে অবগত না করে ১৪ নম্বর আদালতে এটি শুনানির জন্য উপস্থাপন করে। অনেকটা ধোঁয়াশা ও বিভ্রান্তির মধ্যে রেখেই আসামিপক্ষের আইনজীবীরা আসামির জামিন করিয়ে নেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় শনিবার দেশ রূপান্তরকে বলেন, বৃহস্পতিবার আমরা সংশ্লিষ্ট আদালতের বিচারপতিদের চেম্বারে গিয়ে বিষয়টি তাদের নজরে আনি। বিচারপতিরা খাস কামরায় বসে জামিনের আদেশ প্রত্যাহারের এ সিদ্ধান্তের কথা জানান। এ আদেশের ফলে রুহুল আমিনের জামিন বাতিল হয়ে গেল।  

এদিকে হাইকোর্টের আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে বলেন, একটি আদালতে মেনশন করে অন্য আদালতে শুনানি করা আদালতের সঙ্গে প্রতারণার শামিল। আসামিপক্ষের আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতি ও বার কাউন্সিলে আবেদন করা হবে। ওই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (গত ৩০ ডিসেম্বর) ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে ওই রাতে নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা রুহুল আমিনের নেতৃত্বে দল বেঁধে ধর্ষণ করা হয় বলে নির্যাতনের শিকার ওই গৃহবধূ ও তার স্বজনদের অভিযোগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত