সরকার বাংলাদেশে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ব্লক করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী দাবি করেন, “আলজাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট এক প্রতিবেদনে জানিয়েছে- প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে তিনজনকে গুম করার অভিযোগ উঠেছে। প্রচ্ছায়া লিমিটেডের তিন কর্মচারীকে আইনের অপব্যবহার করে তুলে নিয়ে গুম করা হয়েছে।”
তিনি বলেন, “সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশে আলজাজিরা ব্লক করে দিয়েছে সরকার। বাংলাদেশ থেকে এখন আর তাদের ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না।”
বিএনপির এই মুখপাত্র বলেন, “এর মাধ্যমে সরকার আবারও প্রমাণ করলো সত্যকে গলা টিপে রাখতে চায় তারা। বাকশাল পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে গণমাধ্যমকে হত্যা করছে তারা। শুধু সত্য প্রকাশের কারণে চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামী টিভি, পিস টিভি বন্ধ করে দিয়েছে। ‘আমার দেশ’সহ বহু প্রিন্ট মিডিয়া বন্ধ করা হয়েছে।”
তিনি বলেন, “ক্ষমতাশালী ব্যক্তিরাই যদি সহজাত বিচার-বুদ্ধি হারিয়ে গুম-খুনের সওদাগরিতে মেতে থাকে তাহলে মানবাধিকারের আর্তনাদ ছাড়া আর কিছুই শোনা যাবে না যা সভ্য সমাজে অনভিপ্রেত।”
রিজভী অভিযোগ করেন, “বিএনপি ও সরকারবিরোধী অসংখ্য নেতাকর্মীকে এখনো গুম করে রাখা হয়েছে। দেশটাকে এখন শেখ হাসিনা ‘গুমরাজ্য’ বানিয়েছেন। ‘গুমঘর’ থেকে কেউ কেউ সৌভাগ্যক্রমে ফিরে আসলেও অনেকের স্ত্রী-সন্তান-মা-বাবা-স্বজনরা দিনরাত চোখের পানিতে বুক ভাসাচ্ছেন হারিয়ে যাওয়া তাদের প্রিয়জনদের জন্য।”
গুম-খুন বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গুম হওয়ার ১৫ মাস পর ফিরে এসেছেন সাবেক কূটনীতিক মারুফ জামান। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, হুমায়ন কবীর পারভেজ, সাজেদুল ইসলাম, মাহবুব হাসান, মাজহারুল ইসলাম, আদনান চৌধুরী, পারভেজ হোসেন ব্রি. জেনারেল (সাবেক) আবদুল্লাহিল আমান আজমী, ব্যারিস্টার আহমদ বিন কাশেম (আরমান) সহ হাজার খানেক মানুষ এখনো নিরুদ্দেশ হয়ে আছেন।”
বিএনপির এই মুখপাত্র আরও বলেন, অদৃশ্য করে দেওয়া, আটক করে কাস্টডিতে হাত-পায়ের নখ তুলে ফেলা, পায়ে-হাতে গুলি করে পঙ্গু করার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তাতে মানুষ এখন প্রাণখুলে হাসতে বা কাঁদতেও ভুলে গেছে।
