১০ শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী পেল সম্মাননা

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০৮:৫১ পিএম

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়ন প্রকল্পের কার্যক্রমে সম্পৃক্ত হয়ে স্বাবলম্বী হওয়া ১০ জন শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারীকে সম্মাননা দেওয়া হয়েছে।

‘আন্তর্জাতিক নারী দিবস ২০১৯’ উপলক্ষে এই সম্মাননা প্রদান করা হয়। সারা দেশ থেকে বাছাইকৃত এই দশ নারী এলজিইডির পল্লি, নগর ও ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টরের বিভিন্ন প্রকল্পে সম্পৃক্ত হয়ে স্বাবলম্বী হন।

রবিবার আগারগাঁওয়ের এলজিইডি ভবনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সম্মাননা তুলে দেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সম্মাননা পত্রের পাশাপাশি এ সময় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা ও একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্ত দশ নারী হলেন- পল্লি উন্নয়ন সেক্টরে- রাহেলা বেগম, মোছা. ফরিদা ও স্মৃতি কণা মণ্ডল। নগর উন্নয়ন সেক্টরে- শিউলি রানী দে, জমিলা বেগম ও লিলি আক্তার। ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন সেক্টরে- মোছা. মরতুজা বেগম, ইতি সুলতানা, নূরজাহান বিবি ও মায়া রাণী বিশ্বাস।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘নারীদের উন্নয়নে প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে আজ নারীরা এগিয়ে যাচ্ছেন। আজকে বিচারপতি, এসপি, জেনারেলের মতো পদেও নারীরা প্রতিনিধিত্ব করছেন।’

তিনি বলেন, ‘নারীদের সমান অধিকার চাওয়া মানে এই নয় যে তারা শাড়ি খুলে প্যান্ট পরা শুরু করবে। সমান অধিকার মানে পুরুষের সমান পারিশ্রমিক পাবে, সমান সুবিধা পাবে, সমান মর্যাদা পাবে। প্রধানমন্ত্রী এমন সমান অধিকারের কথাই বলেছেন।’

মন্ত্রী বলেন, ‘নারীদের নানাভাবে বঞ্চিত করার জন্য ধর্মের অপব্যবহার করা হয়েছে। ইসলাম ধর্মের নবী বারবার নারীদের সম্মানের কথা বলেছেন। আমি যদি সেন্ডো গেঞ্জি পরে লোক সম্মুখে যাই সেটা যেমন কেউ ভালোভাবে দেখবে না, তেমনি নারীদেরও পর্দার কথা বলা হয়েছে।’

এলজিইডির প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক প্রমুখ।

উল্লেখ্য, এলজিইডির পল্লিনগর ও ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন সেক্টরের বিভিন্ন প্রকল্পের কার্যক্রমে সম্পৃক্ত হয়ে স্বাবলম্বী হয়েছেন অনেক নারী। এদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারী নারীদের ২০১০ সাল থেকে সম্মাননা দিয়ে আসছে এলজিইডি। এবারের ১০ জন সহ এ পর্যন্ত মোট ৯৮ জন শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারীকে সম্মাননা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত