আইপিএলে ফিরেই বিস্ফোরক ওয়ার্নার, গড়লেন রেকর্ড

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০৯:৫৯ পিএম

আইপিএলে ফিরেই নিজের পরিচিত রূপটা দেখালেন ডেভিড ওয়ার্নার। খেললেন বিস্ফোরক ইনিংস। রোববার ৫৩ বলে ৮৫ রানের ইনিংস খেলার পথে আইপিএলের ইতিহাসে সর্বাধিক ফিফটির কীর্তিও নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার।

এদিন ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বিপক্ষে মাঠে নামে সানরাইজার্স হায়দরাবাদ। আগে ব্যাট করে ৩ উইকেটে ১৮১ রানের পুঁজি গড়ে দলটি। ওয়ার্নার নিজের ইনিংসটি সাজান ৯ চার ও ৩ ছক্কায়। আইপিএলে এটি তার রেকর্ড ৩৭তম ফিফটি। যদিও শেষ পর্যন্ত ৬ উইকেটে হেরেছে ওয়ার্নারদের হায়দরাবাদ।

২০১৬ সালে ওয়ার্নারের নেতৃত্বে প্রথম ও এখনো পর্যন্ত একমাত্র শিরোপাটা জয় করে হায়দরাবাদ। তবে বল টেম্পারিং কাণ্ডে এক বছরের জন্য নিষিদ্ধ ওয়ার্নারকে গেল বছর আইপএলেও নিষিদ্ধ করা হয়। সেই নিষেধাজ্ঞার পর এবার আইপিএলে ফিরলের। তবে হায়দরাবাদের নেতৃত্ব দেওয়ার ভার তাকে দেওয়া হয়নি। বঞ্চনার বেদনা বুকে নিয়েই কি মাঠে নেমেছিলেন ওয়ার্নার?

ওয়ার্নারকে আসলে অনেক কিছু মাথায় নিয়েই খেলতে হচ্ছে আইপিএলে। বিশ্বকাপের আগে ওয়ার্নার ও স্টিভ স্মিথের জন্য এই আইপিএলই নিজেদের প্রমাণের মঞ্চ। নিষিদ্ধ থাকায় এক বছর দেশের হয়ে না খেললেও বিশ্বকাপে জায়গা পেতে ফর্মের প্রমাণ দিতে হবে তাদের এই মঞ্চে। ওয়ার্নার প্রথম ম্যাচেই যেন বার্তাটা দিয়ে দিলেন।

আইপিএলে নিজের ১১৫তম ম্যাচটি এদিন খেলতে নেমেছিলেন ওয়ার্নার। গৌতম গম্ভীরের ৩৬ ফিফটির কীর্তিকে ছাড়িয়ে তিনি আসরের সর্বাধিক ফিফটির রেকর্ড নিজের করেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সবচেয়ে বেশি রানের কীর্তিও (৭৬২) গড়েছেন এই অজি ওপেনার।

আইপিএলে সর্বাধিক ফিফটির তালিকায় ৩৫ ফিফটি নিয়ে তৃতীয় স্থানে সুরেশ রায়না। ৩৪ টি করে ফিফটি বিরাট কোহলির ও রোহিত শর্মার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত