আদিবাসী ও কড়া সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে জনসমাবেশ

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১০:০২ পিএম

দিনাজপুরের বিরল উপজেলায় আদিবাসী ও কড়া সম্প্রদায়ের ওপর হামলা, মিথ্যা মামলা ও নিজ জমি থেকে উচ্ছেদের প্রতিবাদে জনসমাবেশ ও প্রতিবাদ করেছে বিরলের আদিবাসী সম্প্রদায়ের লোকেরা।

রোববার বিরল উপজেলা প্রেসক্লাব চত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জনসংগঠন ঐক্য পরিষদ ও জাতীয় আদিবাসী পরিষদ প্রতিবাদ সভার আয়োজন করে।

জনসংগঠন ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা ভূমিহীন সমন্বয় কমিটির সভাপতি মো. বছির উদ্দীনের সভাপতিত্বে জনসমাবেশ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সিডিএর নির্বাহী পরিচালক শাহ-ই-মবিন জিন্নাহ, আদিবাসী নেতা এম,এ কুদ্দুস সরকার, আদিবাসী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক রুবেল টুডু, আদিবাসীদের নারী নেত্রী শিবানী উড়াঁও, বিরল আদিবাসী সমিতির সভাপতি হারুন এক্কা, বোচাগঞ্জ উপজেলার ওয়াচ মাইনোরেটির সভাপতি অধ্যাপক সুকোমল রায়, আদিবাসী নেতা জাহাঙ্গীর আলম ও ভুক্তভোগী কৃষ্ণ কড়া প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনানুগ দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আদিবাসী সমাজ ভবিষ্যতে ঐক্যবদ্ধ হয়ে ব্যাপক আন্দোলন ও সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার হুঁশিয়ারি প্রদান করেন।

উল্লেখ্য, ৬ মার্চ বুধবার সকাল ১১টায় উপজেলার রানিপুকুর ইউনিয়নের হালজায় গ্রামের ঝিনাইকুড়ি কড়া সম্প্রদায়ের উপর একই এলাকার ভূমিদস্যু ও প্রভাবশালী সন্ত্রাসী বাহিনীর সদস্য আব্দুল্লাহ আল কাফী, কামরুজ্জামান, কিবরিয়া ও আব্দুল মান্নানসহ প্রায় ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল ধারালো অস্ত্র ও লাঠিসোঁটাসহ কড়া সম্প্রদায়ের বসত বাড়ি ভাঙচুর এবং তাদের লোক জনের ওপর হামলা চালায়।

এতে কড়া সম্প্রদায়ের বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতিসহ গুরুতর আহত হয় সাতোল কড়া, কেদু কড়া, কোলোকড়া, মিরণ কড়া ও মালন কড়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত