ইচ্ছা করে মোদির সিনেমায় জাভেদের নাম, অভিযোগ শাবানার

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১২:৩৫ পিএম

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি অভিযোগ করলেন, দর্শককে ভুল বোঝাতে ইচ্ছা করেই তার স্বামী জাভেদ আখতারের নাম গীতিকার হিসেবে উল্লেখ করেছেন ‘পিএম নরেন্দ্র মোদি’ সিনেমার নির্মাতারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবির জন্য গান লিখেছেন একাধিক গীতিকার। তালিকায় আছেন প্রসূন জোশি, সমীর, অভেন্দ্র কুমার উপাধ্যায়, সর্দারা, প্যারি জি ও লাভরাজ। তাদের সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছে নামি চিত্রনাট্যকার, গীতিকার ও কবি জাভেদ আখতারের নাম।

সিনেমাটির পোস্টার শেয়ার করে টুইটারে কয়েক দিন আগে এর প্রতিবাদ করেন জাভেদ। জানান, তিনি ‘পিএম নরেন্দ্র মোদি’র জন্য কোনো গান লেখেননি।

এবার টুইটারে শাবানা বলেন, “বোঝাই যাচ্ছে, সুনির্দিষ্ট পরিকল্পনা করেই মানুষকে মিথ্যা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য জাভেদ গান লিখেছেন। তার লেখা ‘ঈশ্বর আল্লাহ তেরে জাহাঁ মেঁ’ গানটি আসলে দীপা মেহতার ছবি ‘১৯৪৭: আর্থ’ থেকে নেওয়া হয়েছে।”

এদিকে ছবির প্রযোজক সন্দীপ সিং জানান, জাভেদের লেখা পুরোনো একটি গান তারা ব্যবহার করেছেন। সেই কারণে সৌজন্যবশত তার নাম রাখা হয়েছে।

ভারতীয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে ৫ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘পিএম নরেন্দ্র মোদি’। নাম ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত