কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০২:৩৩ পিএম

কুষ্টিয়া দৌলতপুর থানার স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

আসামি মো. রকিবুল (২৪) দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের খালেক সরদারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১ জানুয়ারি সকাল ১০টায় দৌলতপুর বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাচ্ছিলেন। স্কুলের কাছেই রাস্তা থেকে আসামি রকিব তার আরও দুই সহযোগীসহ ওই ছাত্রীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মজনুর রহমান বাদী হয়ে ২৫ জানুয়ারি দৌলতপুর থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অপরহণ ও ধর্ষণের অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারী কৌঁসুলি অ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল জানান, দৌলতপুর থানার স্কুলছাত্রী অপরণ ও ধর্ষণ মামলায় আসামি রকিবুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগ গঠন করে দীর্ঘ সাক্ষ্য শুনানি করেন আদালত।

শুনানি শেষে আসামির বিরুদ্ধে অনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় দুইটি ধারায় যথাক্রমে অপহরণের দায়ে ১৪ বছর কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। উভয়দণ্ড একযোগে প্রযোজ্য হবে। আসামি জামিনে থেকে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত