পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় লীগ নেতা নিহত

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০৪:৪৯ পিএম

পিরোজপুরে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সহিসংতায় জনি তালুকদার (২৫) নামে গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে উপজেলা গুলিশাখালী বাজারের কাছে স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদের কর্মী-সমর্থকরা প্রচার করার সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোশারফ হোসেন সাকুর কর্মী-সমর্থকরা হামলা চালায় ও এলোপাতাড়ি কোপাতে থাকে।

এ সময় জনি তালুকদারকে গুরুত্ব আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, সোমবার সকালে উপজেলা নির্বাচনী সহিসংতার ঘটনায় জনি তালুকদার নামে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

এর আগে শনিবার রাতে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারেফ সাকুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুলিসাখালী বাজারে এ ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত