ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি রবিউল আউয়ালকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি করেন।
রিজভী বলেন, গত রোববার সন্ধ্যায় গুলশান-২ এ রবিউরের বাসা থেকে সাদা পোশাকধারি আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে। এরপর থেকে তার কোন হদিস পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, এটি ভয়াবহ অমানবিক ও দস্যু বৃত্তিমূলক কাজ। রাষ্ট্রের মদদে এখনও বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
রিজভী বলেন, মিডনাইট নির্বাচনের পরও সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে। অজানা আতঙ্কে সব সময় উদ্বিগ্ন থাকছে। তাই গুম, গ্রেপ্তার, মিথ্যা মামলা ও বিচার বহির্ভূত হত্যার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে। বিরোধী দলশূণ্য না করলে নব্য বাকশালী ব্যবস্থা কায়েম করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
