ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে প্রতিরোধ সংগঠন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার কার্যালয়।
তবে হামলার সময় হামাসের সাবেক প্রধান তার কার্যালয়ে ছিলেন না বলে রয়টার্সের বরাত দিয়ে জানিয়েছে মিডল-ইস্ট আই।
সোমবার সন্ধ্যায় গাজায় ইসমাইল হানিয়ার কার্যালয়ে বিমান হামলা চালানো হয়। তবে হামলার আশঙ্কায় আগে থেকেই নিজেদের কার্যালয়গুলো ফাঁকা করে দেয় হামাস।
শেষ পর্যন্ত মিশরের মধ্যস্থতায় স্থানীয় সময় রাত ১০টার দিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেয় হামাস। অবশ্য ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক এবিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে প্রতিরোধ সংগঠনটির নৌ-স্থাপনা এবং উত্তর গাজায় বেশ কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্রে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে অধিকাংশ স্থাপনা থেকে সতর্কতার অংশ হিসেবে আগেই লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
এর আগে ভোরে গাজা থেকে মধ্য ইসরায়েলের তেলআবিব শহরে দূরপাল্লার রকেট হামলা চালানো হয়। এতে মেশমেরেত এলাকার একটি বাড়ি বিধ্বস্ত হলে সাত ইসরায়েলি আহত হয়।
হামলার পরপরই যুক্তরাষ্ট্র সফরে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু শক্তিপ্রয়োগের মাধ্যমে কড়া জবাব দেওয়ার ঘোষণা দেন। সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরেন। সন্ধ্যায় শুরু হয় গাজার বিভিন্ন স্থাপনায় একের পর এক ইসরায়েলি বিমান হামলা।
