আগামীকাল বুধবার থেকে শুক্রবার মার্চ পর্যন্ত সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আর ৩০ মার্চ শনিবার থেকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ আরিফ হোসেন মঙ্গলবার বাসসকে বলেন, গত কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতিতে বজ্র অথবা বৃষ্টিপাত প্রবণতা থাকলেও সামনের কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি পাবে। এরপর আবারো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এতে বলা হয়, রাজশাহী ও রংপুর বিভাগে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া দেশের অন্যত্র দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
