বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি, দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন তারা।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও এমপি মাশরাফী বিন মোর্ত্তজা ১৯৭১ সালে আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে লিখেছেন-“সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।”
আইপিএল খেলতে ভারতে থাকা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফেসবুকে লিখেছেন- “স্বাধীনতার ৪৯তম বছরে আমি সালাম জানাই তাদের, যারা আমাদের মাতৃভূমির জন্য দিয়েছেন প্রাণ। তাদের আত্মত্যাগের গল্পগুলো দিয়ে গাঁথা আমাদের এই মহান পতাকা। সেই গল্পগুলো অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায় এবং লাখো বাঙালির হৃদয়ে।”
“যে দেশ নিয়ে আমরা গর্ব করি, সে দেশটিকে স্বাধীনতা এনে দেয়ার জন্য আমরা তাদের প্রতি আজন্ম ঋণী থাকব। আসুন, আমরা আমাদের কাজ দিয়ে সেই মহান পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখি। সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।”
অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, “সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার জন্য আত্মত্যাগীদের তরে শ্রদ্ধা।”
চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা তাসকিন আহমেদ লিখেছেন, “মুক্তিযুদ্ধের শহীদদের কখনো ভোলা যাবে না। এটা আমাকে গর্বিত করে যে আমি এই মহান দেশের নাগরিক। আমাদের দেশের জন্য জীবন দেয়া বীরদেরকে কখনো ভোলা যাবে না। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।”
দলের উদ্বোধনী খেলোয়াড় এনামুল হক বিজয় বাংলাদেশি হিসেবে নিজেকে গর্বিত মনে করেন জানিয়ে লিখেছেন, “সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। একজন বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি।”
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন উইকেটকিপার কাম ব্যাটসম্যান মুশফিকুর রহিম- “স্বাধীনতার অমৃত স্বাদে ভরে উঠুক সবার মন, দূর হোক সব দ্বন্দ্ব-হানাহানি, শুধু দেশের জন্য লড়ুক সবাই এক হয়ে, এক আত্মা হয়ে। আর যেন কোন হাহাকার এসে হানা না দেয় এই বাংলার মাটিতে, আর যেন রক্তে রঞ্জিত না হয় এই বাংলার মাটি নিজের সন্তানের রক্তে। বিনম্র শ্রদ্ধা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি।”
