কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে গিয়েছিল বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর ও চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর গ্রামের রবি সাহার মেয়ে ও বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী রিয়া সাহা এবং চান্দিনা উপজেলার নাজিরপুর গ্রামের মনির হোসেনের মেয়ে ও কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ইয়াসমিন আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর নামক স্থানে সকাল সোয়া ৮টার দিকে উপজেলা সদরগামী সিটি লিংক সার্ভিসের একটি লেগুনা উল্টে পড়ে স্কুলছাত্রী রিয়া সাহা ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১০ ছাত্রী। খবর পেয়ে সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশ সিটি লিংক সার্ভিসের লেগুনাটি উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে আহত ছাত্রীদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সদর দক্ষিণ মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, দুর্ঘটনা কবলিত লেগুনাটি আটক করা হয়েছে।
অপরদিকে জেলার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকচাপায় ইয়াসমিন আক্তার নামে আরও এক স্কুলছাত্রী নিহত হয়েছে বলে জানিয়েছেন চান্দিনা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ফয়সাল। এ দুর্ঘটনাকে কেন্দ্র করে কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
ঘটনাস্থল পরিদর্শনে এসে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ন্যায় বিচার ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সঠিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে নেয় এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
