শহীদ বেদিতে ফুল দিয়ে ফেরার পথে কোপানো হলো বিএনপি নেতাদের

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৫:৪৬ পিএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের গোয়ালচামট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেস আলী ইছা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া স্বপনসহ সংগঠনটির ১০ নেতাকর্মী।

আহতদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলকে ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

আহত জুয়েলের বড়ভাই সৈয়দ ফরহাদ হোসেন ঝিনু বলেন, জুয়েলের মাথায় দুটি এবং শরীরের বিভিন্ন স্থানে আরও তিনটি কোপ লেগেছে। তার অবস্থা বেশ গুরুতর।

image

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেস আলী ইছা ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপন আহত অবস্থায় বাসায় চিকিৎসাধীন রয়েছে।

মোদারেস আলী ইছা জানান, ১২-১৪ জনের একটি দল অতর্কিত কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়।

তিনি বলেন, হামলায় স্বেচ্ছাসেবক দলের জুয়েল, যুবদলের কিবরিয়া স্বপন, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক দিলদার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন বিশ্বাস, ছাত্রদলের আল আমীন তুষার, শ্রমিক দলের বিল্লাল তালুকদারসহ বেশ কয়েজন আহত হয়েছে।

জেলা বিএনপির এ নেতা অভিযোগ করে বলেন, আহত অবস্থায় আমাদের নেতাকর্মীরা কোনো হাসপাতালে চিকিৎসা নিতে সাহস পাচ্ছে না। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাছিম সাংবাদিকদের বলেন, হামলার ঘটনা লোকমুখে শুনেছি, তবে কেউ থানার অভিযোগ নিয়ে আসেনি।

তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত