স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছাত্রদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৭:০৬ পিএম

মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাঁশি বাজানো নিয়ে তিনটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জের বাহুবল উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও বিভিন্ন ইভেন্টে অধিকাংশ পুরস্কার পায় মীরপুর দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল ও সান সাইন প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা। এ নিয়ে বাহুবল সদরের শিক্ষা প্রতিষ্ঠান দ্বিননাথ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

বেশি পুরস্কার পাওয়ার আনন্দে দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল ও সানশাইন স্কুলের শিক্ষার্থীরা বাঁশি ও ভুভুজেলা বাজাতে বাজাতে যখন স্টেডিয়াম ত্যাগ করছিল তখন দ্বিননাথ স্কুলের কতিপয় শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। প্রায় আধ ঘণ্টাব্যাপী সংঘর্ষে প্রায় ২০ শিক্ষার্থী আহত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

যোগাযোগ করা হলে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি মীরপুরে আহত শিক্ষার্থীদের দেখে এসেছেন। আগামী ৩/ ৪ দিনের মধ্যে বিবাদমান তিনটি স্কুলের ছাত্র শিক্ষকদের নিয়ে সভা করবেন বলে জানান তিনি।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত