টিপু সুলতানের বাঘের চিহ্নের তলোয়ার-বন্দুক নিলামে!

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৯:১৬ পিএম

ব্রিটিশ শাসনকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিলেন মহীশূরের নবাব টিপু সুলতান। এ মহানায়কের ব্যবহৃত মূল্যবান সামগ্রী নিলামে তুলছে যুক্তরাজ্য। ভারতীয় দূতাবাস আপত্তি জানালেও তা আমলে নেওয়া হয়নি।

ইন্ডিয়া টাইমস জানায়, যুক্তরাষ্ট্রের অ্যান্টনি ক্রিব নামে একটি নিলাম সংস্থা টিপু সুলতানের স্মৃতিবিজড়িত এসব সামগ্রী নিলামে তোলার দায়িত্ব পেয়েছে।

জানা গেছে, মেজর থমাস হার্ট নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক সেনা অফিসার ঐতিহাসিক এসব সামগ্রী যুক্তরাজ্যে নিয়ে আসেন। ২২০ বছরের পুরোনো টিপু সুলতানের এই মূল্যবান সামগ্রী বার্কশায়ারের একটি বাড়িতে কাগজে মোড়ানো অবস্থায় পড়েছিল।

পরবর্তীতে থমাসের পরিবার এসব জিনিস খুঁজে পান। এতে রয়েছে টিপু সুলতানের বাঘের চিহ্ন আঁকা বন্দুক, আছে শ্রীরঙ্গপত্তনমে টিপু যে তলোয়ার ব্যবহার করেছিলেন সেটিও। এছাড়াও ফ্লিন্টলক বন্দুক, বেয়নেট, টিপুর পানের ডাবরসহ অন্যান্য জিনিস।

এদিকে ভারতীয় দূতাবাস এ নিলামের আপত্তি জানালে নিলাম সংস্থা জানায়, এসব জিনিস ভারত থেকে আনা হলেও ভারত সরকারের সম্পদ নয়। এছাড়া থমাসের পরিবার এগুলোকে তাদের পৈতৃক সম্পদ বলেও দাবি করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত