ঘোষণামাফিক আনুষ্ঠানিকভাবে অধিকৃত গোলান মালভূমিকে ইসরায়েলের ভূখ-ের স্বীকৃতি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার এ-সংক্রান্ত একটি ঘোষণাপত্রে ট্রাম্প স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে বিবিসি। আন্তর্জাতিক মহলের সমালোচনা, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইশতেহার ও ফিলিস্তিনি প্রশাসনের বিরোধিতার মুখেও ট্রাম্পের এই স্বীকৃতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংকট সৃষ্টি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গত সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও উপদেষ্টা জ্যারেড কুশনারের উপস্থিতিতে ওই ঘোষণাপত্রে স্বাক্ষর করেন ট্রাম্প। স্বাক্ষরের আগে এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, ‘ইসরায়েল রাষ্ট্র ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গোলান মালভূমির কৌশলগত ও নিরাপত্তাজনিত গুরুত্ব রয়েছে। অঞ্চলটিতে ইসরায়েলি সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ার এখনই সময়।’ প্রসঙ্গত, ২০১৭ সালে ফিলিস্তিনের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূতাবাস তেলআবিব থেকে সরিয়ে জেরুজালেমে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। এর বিরুদ্ধে ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ শুরু হয়। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় সিরীয় ভূখণ্ড গোলান মালভূমি দখল করে ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায়ে ওই দখল পরে গোলানকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি।
