কক্সবাজারের পেকুয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২জন নিহত হয়েছেন। এ সময় ৮টি দেশীয় তৈরি বন্দুক ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে পেকুয়া উপজেলার মগনামা ঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানাতে পারেনি র্যাব।
র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ের কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল পেকুয়া উপজেলার মগনামা এলাকায় অভিযানে যায়। এ সময় একটি দস্যু বাহিনীকে ধাওয়া করলে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
গোলাগুলির একপর্যায়ে দস্যুরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ৮টি দেশীয় তৈরি বন্দুক ও ২৬ রাউন্ড গুলিসহ গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়। তাদের পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান। মরদেহ ২টি ময়নাতদন্তের জন্য পেকুয়া থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে। নিহত দস্যুদের সনাক্তের চেষ্টা চলছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
