লালমনিরহাটে ৫ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি ছকিমুদ্দিনকে (৩৮) গুলিবিদ্ধ অবস্থায় বুধবার রাত ৯টায় গ্রেপ্তার করেছে আদিতমারী থানা পুলিশ। গত ১৭ মার্চ দুপুরে আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নে এক শিশুকে ধর্ষণ ও রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ওই দিনই লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ছকিমুদ্দিনকে আসামি করে গত ১৮ মার্চ আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা।
ছকিমুদ্দিনকে ধরতে বুধবার রাত আনুমানিক ৯টায় আদিতমারী উপজেলার সীমান্ত এলাকা দুর্গাপুরের এক বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ছকিমুদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পায়ে গুলি করে তাকে গ্রেপ্তার করে।
আদিতমারী থানার ওসি মাসুদ রানা জানান, রাত ১০টায় গ্রেপ্তার ছকিমুদ্দিনকে পুলিশ হেফাজতে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃনাল কান্তী রায় বলেন, বাম পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ছকিমুদ্দিন নামে একজনকে পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সে বর্তমানে শঙ্কামুক্ত বলে তিনি জানান।
