বগুড়ার ধুনটে বন্ধুর বিয়েতে এসে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল চালক এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আহসান হাবিব জেবু (২৩) ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে গাড়িচালক হিসেবে কাজ করতেন। তিনি সিরাগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি গ্রামের আব্দুল খালেক সরকারের ছেলে।
থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রায় ৫ বছর আগে পুলিশের কনস্টেবল পদে যোগ দেন আহসান হাবিব জেবু। চাকরিরত অবস্থায় ধুনট উপজেলার বানিয়াজান গ্রামে তার বন্ধু ইসমাইলের বিয়ের খবর পেয়ে ১২দিনের ছুটি নিয়ে বাড়ি যান তিনি।
গত বুধবার বন্ধুর বিয়ের বরযাত্রী হয়ে ধুনট উপজেলার সোনাহাটা গ্রামে যান। বিয়ের অনুষ্ঠান শেষে রাত দেড়টার দিকে তিনি মোটরসাইকেলযোগে বন্ধুর বাড়িতে ফিরছিলেন।
পথিমধ্যে ফকিরপাড়া মোড়ে পৌঁছলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় যান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। শজিমেক হাসপাতালে নেওয়ার পরপরই তিনি মারা যান।
ধুনট থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
