রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল আল ফারুকী। তার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বৃহস্পতিবার বিকেলে দগ্ধ অবস্থায় তার মৃত্যু হয়। এফ আর টাওয়ার থেকে উদ্ধার করে দগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ফারুকী মারা যান। শ্রীলঙ্কান এক নাগরিক চিকিৎসা শেষে চলে গেছে। বাকি তিনজন ভর্তি রয়েছেন।
এ বিষয়ে ঢামেকের বার্ন ইউনিটের প্রধান শামন্ত লাল সেন বলেন, এখন তিনজন আমাদের এখানে আছে। তাদের মধ্যে একজন মারা গেছে। বাকি দুজনের অর্থোপেডিক প্রবলেম আছে, অল্প পোড়া।
ফারুকীর পরিচয়পত্রে জানায় যায়, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। সে হিসাবে ওই বিশ্ববিদ্যালয়ে তার ছাত্রত্ব শেষ হয়েছে। তবে ফারুকীর সঙ্গে নটরডেম কলেজের নিয়মিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী হিসেবে পরিচয়পত্র পাওয়া গেছে।
তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা যায় তিনি ঢাবিতে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করছেন। এছাড়া তিনি বেসরকারি প্রতিষ্ঠানেও চাকরি করছেন বলে ফেসবুক থেকে জানা যায়। টাইমলাইনে তার একটি বিয়ের ছবি রয়েছে।
বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা বিশিষ্ট এফআর টাওয়ারে দুপুর ১টায় ভয়াবহ আগুন লাগে। এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যাদের চারজনই ভবন থেকে লাফিয়ে নামতে গিয়ে মারা যান।
