পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সালাম কবির এবং দুই জেলার দুই ওসিকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সহিংসতা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় ইসি এই কর্মকর্তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার ইসির সহকারী সচিব নুর নাহার ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
পিরোজপুরের এসপিকে গতকাল বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট জেলা থেকে প্রত্যাহার করে সমমর্যাদার একজন কর্মকর্তাকে সেখানে পদায়ন করতে পুলিশের আইজিকে চিঠি দিয়েছে ইসি।
এছাড়া মঠবাড়িয়া থানার ওসি শওকত আনোয়ার ইসলামকে প্রত্যাহার করে সমমর্যাদার কর্মকর্তাকে পদায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে নির্বাচনে পক্ষপাতের অভিযোগে বরগুনার আমতলী থানার ওসি আলাউদ্দিন মিলনকে প্রত্যাহারে নির্দেশনা দিয়েছে ইসি। একই অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহজাহান কবিরকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ভোটের আগের রাতে ব্যালটে সিল মারার অভিযোগে এর আগে প্রত্যাহারকৃত অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম ও থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
একইসঙ্গে এই দুই কর্মকর্তাকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্তেরও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশন এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ইসিকে অবহিত করার জন্য আইজিপিকে চিঠি দিয়েছে।
