রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীকে (১৫) আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্কুল শাখার তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতি শাখার প্রধান জিনাত আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় শ্রেণি শিক্ষিকা হাসনা হেনাকে অব্যাহতির আবেদন করা হয়েছে।
পল্টন থানা আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক জালাল উদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে এ চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক কাজী কামরুল ইসলাম।
২০১৮ সালের ৩ ডিসেম্বর শান্তিনগরের বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় অরিত্রী। এ মামলার এজাহারে আত্মহত্যার কারণ সম্পর্কে বলা হয়, গত ২ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার দিন অরিত্রীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে পরদিন বাবা-মাকে ডেকে পাঠায় স্কুল কর্র্তৃপক্ষ। এ কারণে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে বলে সেদিন জানানো হয়।
