নিরাপদ সড়কের দাবিতে আট দফা বাস্তবায়নে আল্টিমেটাম শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে ফের এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার পর আন্দোলনের একপর্যায়ে মেয়রকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার আল্টিমেটামের শেষ দিনে মেয়রের সঙ্গে বৈঠকে বসেন তারা। বৈঠকে সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার গত এক সপ্তাহের অগ্রগতি শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়।
বৈঠক শেষের দিকে মেয়র বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। নিরাপদ সড়ক বিনির্মাণে ইতোমধ্যে ফুটওভারব্রিজ, জেব্রাক্রসিং, আন্ডারপাস ইত্যাদির পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। অতিদ্রুত এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবাই মিলেই সবার ঢাকা।’ বৈঠক চলাকালে বনানীতে অগ্নিকাণ্ডের কারণে আলোচনা অসমাপ্ত রেখেই মেয়র ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তবে এ বৈঠক চলমান থাকবে বলে তিনি জানান।
