খালেদার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০৬:৪৭ পিএম

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলের কয়েক শত নেতা-কর্মী।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষে হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক শত নেতা কর্মী এতে অংশ নেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে রিজভী বলেন, প্রধানমন্ত্রী বাকশাল কায়েম করে গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে চায়। কিন্তু সরকার সফল হবে না। গণশক্তির কাছে শিগগিরই সরকার মাথানত করবে।

সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, গত ৩০ ডিসেম্বর মিডনাইট নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে উঠেপড়ে লেগেছেন। সে জন্য তিনি এখন বাকশালের প্রশংসা করে বক্তব্য রাখছেন। অর্থাৎ বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা তথা গণতন্ত্রকে কফিনে মুড়িয়ে কবর দেওয়ার জন্যই বাকশাল নামক ‘৭৫ এর দুর্বিষহ দু:শাসনের জয়গান শুরু করেছেন। শেখ হাসিনার এই বক্তব্য অশুভ ইঙ্গিতবাহী।

তিনি বলেন, নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসনের পথে যাতে কোন ধরনেরই কাঁটা না থাকে সে জন্য ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। তার জীবন এখন চরম সংকটের মধ্যে। অবহেলা ও বিনা চিকিৎসায় কারাগারে তাকে ঠেলে দেওয়া হচ্ছে এক বিভীষিকাময় পরিস্থিতির দিকে। তিনি এখন জীবন-মরণের সন্ধিক্ষণে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত