বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি ও আওয়ামী লীগ নেতা আহাদ হায়দারের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে তার বাড়ির ঘরের কাঁচের জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। শনিবার ভোর তিনটা নাগাদ ওই নেতার শহরের আমলাপাড়া সড়কের চারতলা বাড়ির তিনতলায় আগুন দেয় একদল দুর্বৃত্ত।
শনিবার সকালে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম ও পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এই ঘটনায় বাগেরহাটের কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ওই দুর্বৃত্তদের খুঁজে বের করতে পুলিশের কাছে দাবি জানিয়েছেন।
আহাদ হায়দার জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। তার স্ত্রী রিজিয়া পারভীন বাগেরহাট সদর উপজেলা পরিষদের চতুর্থ ধাপের (৩১ মার্চ নির্বাচন) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি ও আওয়ামী লীগ নেতা আহাদ হায়দার সাংবাদিকদের বলেন, “আমার বাড়ির তৃতীয় তলার একটি ইউনিটে জেলা জজ আদালতের আইনজীবী অমিতাভ বড়াল বাপ্পী ভাড়া থাকেন। শনিবার ভোররাত তিনটার দিকে তার ইউনিটে ঘুমের ভেতরে পোড়া গন্ধে তাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে তার ঘরের জানালায় আগুন জ্বলতে দেখতে পান। প্রথমে তিনি পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। ততক্ষণে আগুনে কাঁচের জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
তিনি আরও বলেন, তিনতলার যে স্থানে আগুন লেগেছে সেখানে বিদ্যুতের কোনো তার নেই। তাই বিদ্যুতের শর্টসার্কিটে মাধ্যমে এই আগুন লাগেনি। সংঘবদ্ধ দুর্বৃত্তরা পুড়িয়ে মারতে পরিকল্পিতভাবে আগুন দিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। কারা কি কারণে এই আগুন দিয়েছে তা তদন্ত করে দেখতে পুলিশের কাছে দাবি জানাচ্ছি।
বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরদার মাসুদ বলেন, আগুনের খরব পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে বাড়ির জানালাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুনের ধরন দেখে মনে হচ্ছে এটি শর্টসার্কিট নয়। আগুনের ঘটনা তদন্ত করে তারপর নিশ্চিত হওয়া যাবে।
বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহাতাব উদ্দিন বলেন, “সাংবাদিকের বাড়িতে কারা কি উদ্দেশ্যে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”
